বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় সংক্রমণ ও মৃত্যু ক্রমে বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে শেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। সারাবিশ্বে গেল এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এর আগে গত ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক লোক রোগটিতে শনাক্ত হয়েছিল। এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছিল সাড়ে চার লক্ষাধিক মানুষ। একই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাত হাজার ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৮ হাজার ১০১ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৬৪১ জনে দাঁড়িয়েছে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জনে পৌঁছে গেছে।
নির্ধারিত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৫ হাজার ৬৭০ জন। আর মারা গেছেন এক হাজার ৭৭৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজার ১৮১ জন। এখন পর্যন্ত মার্কিন ভূখণ্ডে সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৬৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন আট লাখ ৪৪ হাজার ২৭২ জন।
দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই অবস্থান ফ্রান্সের। দেশটিতে গেল এক দিনে দুই লাখ আট হাজার ৯৯ জন সংক্রমিত হয়েছেন।
আর আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন। নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন নয় হাজার ১২৮ জন। মহামারি শুরুর পর দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২২ লাখ ৬৩ হাজার ৮৩৪ জনে দাঁড়িয়েছে। আর তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ছয় লাখ ১৮ হাজার ৪৮৪ জন।
সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৮ লাখ ১৪ হাজার ২৭১ জন। আর মারা গেছেন চার লাখ ৮০ হাজার ৫৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন পাঁচ হাজার ৩৮৫ জন।
তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, ইরান, স্পেন, ইতালি এবং আর্জেন্টিনার নাম।
তালিকায় ৩২ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ৬৩ জন। দেশে কোভিড আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।
সুত্রঃ দৈনিক অধিকার